এআই ও অটোমেশনে একসাথে কাজ করবে গ্রামীণফোন ও এরিকসন

২৪ নভেম্বর, ২০২৪ ১৩:৫৭  

বাংলাদেশে এআই ও অটোমেশনে সমন্বয় ও উদ্ভাবনের লক্ষ্যে এরিকসনের সাথে একটি সমঝোতা স্মারক সই করেছে মোবাইল টেলিযোগাযোগ অপারেটর গ্রামীণফোন। প্রযুক্তিগত পরীক্ষা, কর্মশালা ও পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে এটি করবে তারা।  

রবিবার অপারেটরটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমঝোতা স্মারকটি সম্প্রতি ইনোভেট এশিয়া ২০২৪ অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়েছে। এটি ১৯৯৮ সাল থেকে চলা গ্রামীণফোন ও এরিকসনের মধ্যে অংশীদারিত্বকে আরো বেগবান ও জোরদার করবে। 

এ নিয়ে গ্রামীণফোনের চিফ ইনফরমেশন অফিসার নিরঞ্জন শ্রীনিবাসন বলেন, “গ্রামীণফোনের টেলকো টেক রূপকল্প বাস্তবায়নের পথে একটি বড় পদক্ষেপ এই অংশীদারিত্ব। গ্রামীণফোন ও এরিকসন উভয় কোম্পানিই এখন এআই’কে প্রাধান্য দিচ্ছে। সে দিক থেকে আমরা প্রযুক্তিগত সহযোগিতার যে পদক্ষেপ নিয়েছি তার মাধ্যমে একটি রূপান্তর ঘটবে এবং গ্রাহকরা পাবেন সর্বোত্তম সেবা।”     

মালয়েশিয়া, শ্রীলংকা ও বাংলাদেশ অঞ্চলের এরিকসন প্রধানন ডেভিড হেগারব্রো বলেন, “এই উদ্ভাবনী পদক্ষেপে গ্রামীণফোনের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। আমাদের রয়েছে পুরষ্কারজয়ী এআই ও অটোমেশন সল্যুশন। এতে গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে আরো বেশি সক্ষমতা অর্জন করবে গ্রামীণফোন। পাশাপাশি নেটওয়ার্কের ক্রমবর্ধমান জটিল চাহিদা পূরণেও এটি সহায়ক হবে।”